সলিল সেন এর জন্ম কলকাতায়। ম্যাট্রিকুলেশন পাস করে বহরমপুরে কৃষ্ণনাথ কলেজে ভর্তি হলেও শিক্ষা অসম্পূর্ণ রেখে আর.এস.পি-র সাংস্কৃতিক শাখার সাথে যুক্ত হন, ক্রান্তি শিল্পী সংঘের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

সলিল সেন
তাঁর লেখা উল্লেখযোগ্য নাটক নতুন ইহুদী চল্লিশের দশকে মঞ্চস্থ হয় এবং এই নাটক অবলম্বনে তাঁর পরিচালনায় ছবি তৈরি হয় ১৯৫৩ সালে। ছবিটি তৎকালীন সময়ে চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা অর্জন করে।
মোট পনেরোটি চলচ্চিত্র পরিচালনা করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য হল নাগিনী কন্যার কাহিনী (১৯৫৮), মণিহার (১৯৬৬), মন নিয়ে (১৯৬৯), রাজকুমারী (১৯৭০), হার মানা হার (১৯৭২), ছুটির ফাঁদে (১৯৭৫) ইত্যাদি।

নিজের ছবির জন্য চিত্রনাট্য রচনার পাশাপাশি বিজয় বসুর বাঘিনী (১৯৬৮), অজয় করের মাল্যদান (১৯৭১), কায়াহীনের কাহিনী (১৯৭৩), নৌকাডুবি (১৯৭৯), বিষবৃক্ষ (১৯৮৪), মধুবন (১৯৮৮), মানু সেনের বিরাজ বৌ (১৯৭২), মোহনবাগানের মেয়ে (১৯৭৬), বন্ধন (১৯৮০) ইত্যাদি মোট আঠাশটি ছবির চিত্রনাট্য রচনা করেছেন। পরিচালিত ছবিগুলির আটটি ছবির গল্পও নিজের লেখা।
নতুন ইহুদী এবং মৌচোর (১৯৮৩) ছবির জন্য গান রচনার পাশাপাশি মৌচোর ছবির সংগীত পরিচালনাও নিজেই করেছেন।
প্রধানত নাট্য ব্যক্তিত্ব হলেও চলচ্চিত্রের বিভিন্ন শাখায় তাঁর সাবলীল বিচরণ ছিল। আকাশবাণীর হয়ে নাটক প্রযোজনাও করেছেন। দীর্ঘদিন পশ্চিমবঙ্গ সরকারের লোকরঞ্জ শাখার সঙ্গে যুক্ত ছিলেন।
চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৫৩ নতুন ইহুদী
- ১৯৫৮ প্রিয়া, নাগিনী কন্যার কাহিনী;
- ১৯৬৬: মণিহার,
- ১৯৬৭ অজানা শপথ,
- ১৯৬৯ মন নিয়ে
- ১৯৭০ রাজকুমারী,
- ১৯৭১ সংসার;
- ১৯৭২ অপর্ণা, হার মানা হার;
- ১৯৭৫ ছুটির ফাঁদে:
- ১৯৭৬ দত্তা:
- ১৯৭৭ অসাধারণ, জাল সন্ন্যাসী
- ১৯৮৩ মৌচোর।
