হাসনাহেনা আঁখি আঁচল একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী।আঁচলের চলচ্চিত্রে আগমন রাজু আহম্মেদের ‘ভুল’ ছবি দিয়ে। ভূল চলচ্চিত্রটি ২০১২ সালে দিল্লির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়।সেই ছবিতে আঁচলের নাম ছিল আঁখি। অভিষেকেই সবাইকে চমকে দিয়েছিলেন চিত্রনায়িকা হাসনাহেনা আঁখি আঁচল। কারণ তিনিই প্রথম কোন নবাগত নায়িকা যার পর পর দুই সপ্তাহে দুটি ছবি মুক্তি পেয়েছিল। তার দ্বিতীয় ছবি ছিল মাসুদ কায়নাতের ‘বেইলি রোড’। ছবিগুলো খুব ব্যবসা না করলেও আঁচলের অভিনয় ও সুন্দর চেহারা খুব সহজেই দর্শকের নজর কাড়ে।
প্রাথমিক জীবন
হাসনাহেনা আঁখি আঁচলের ১৯৯২ সালের ২৬ আগস্ট খুলনায় জন্মগ্রহন করেন। তার পিতা মোঃ হাফিজুর রহমান এবং মাতা সালমা বেগম। তার বড় ভাই আশিকুর রহমান।তিনি খুলনা পাইওনিয়র গার্লস স্কুলে পড়াশোনা করেন। তিনি আনন্দধারা একাডেমীতে ও পরে পাঁচ বছর বাফায় নাচ শিখেছেন। অষ্টম শ্রেণিতে থাকাকালীন অংশ নেন এসিআই গ্রুপের একটি বিজ্ঞাপনে। অভিনেত্রী শাবনূরের চলচ্চিত্র দেখে তিনি অভিনয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “সপ্তম শ্রেণীতে থাকাবস্থায় শাবনূর আপার ‘মধুর মিলন’ ছবিটি টিভিতে দেখি। তখন আমি শাবনূর আপার অনেক ছবিই দেখেছি। আর তার অভিনয় দেখে আমারও ইচ্ছে জাগে নায়িকা হবার।”
চলচ্চিত্র
২০১১ সালে রাজু আহম্মেদের ভুল দিয়ে হাসনাহেনা আঁখি আঁচলের চলচ্চিত্রে অভিষেক ঘটে।‘ভুল’ ও ‘বেইলী রোড’ ছবি দুটোর পর তিনি নাবিল আশরাফের ‘ভালোবাসার রংধনু’ ছবিতে অভিনয় করেন। সেখানে তার বিপরীতে অভিনয় করেন ছোট পর্দার অভিনেতা নাঈম।এরপর তিনি বাপ্পি চৌধুরীর বিপরীতে জটিল প্রেম (২০১৩) ছবিতে অভিনয় করেন, যা বাণিজ্যিক সফলতা লাভ করে।
বাপ্পির সঙ্গে ‘জটিল প্রেম’-এর পাশাপাশি চুক্তিবদ্ধ হয়ে যান ‘প্রেম প্রেম পাগলামী’ এবং ‘কি প্রেম দেখাইলা’ ছবিতে।২০১৪ সালে শাহ মোহাম্মদ সংগ্রাম পরিচালিত কি প্রেম দেখাইলা চলচ্চিত্রে অভিনয় করে তিনি প্রশংসিত হন। একই বছর তিনি সাফি উদ্দিন সাফির প্রণয় মারপিটধর্মী চলচ্চিত্র ফাঁদ – দ্য ট্র্যাপে অভিনয় করেন, যেখানে তিনি প্রথমবারে মতো শাকিব খানের সঙ্গে অভিনয় করেনএবং আরিফিন শুভর বিপরীতে কিস্তিমাত চলচ্চিত্রে অভিনয় করেন।
২০১৪ সালে তিনি দেবাশীষ বিশ্বাসের মন জ্বলে নামে একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন। কিন্তু পরিচালক ২০১৬ সালে গল্পে পরিবর্তন আনেন এবং তার স্থলে পরীমনিকে চুক্তিবদ্ধ করেন। এছাড়া তিনি রাজাবাবু, বাদশা ও মিশন আমেরিকা নামের তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পরও বাদ পড়েন।
২০১৯ সালে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে মুক্তি পায় তার অভিনীত দাগ হৃদয়ে। এতে তার সহশিল্পী ছিলেন বাপ্পি ও মীম। এই বছর মার্চ মাসে শওকত আলী ইমনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় তার অভিনীত রোজিনা খানের গাওয়া “চন্দ্র তারা” গানের মিউজিক ভিডিও। এটি পরিচালনা করেন হাবিব রহমান।

২০২১ সালে তাকে সৈয়দ অমির গাওয়া “ও জান রে” গানের মিউজিক্যাল ফিল্মে দেখা যায়। অন্তর হাসানের পরিচালনায় গানটিতে আঁচলের সাথে আরও অভিনয় করেছেন সৈয়দ অমি, এলআর সীমান্ত, রাজু সরকার ও শম্পা নিজাম।
