সৌমিত্র চট্টোপাধ্যায় এর জন্ম কলকাতায়। প্রাথমিক শিক্ষা কৃষ্ণনগরে শুরু হলেও বাবার বদলির চাকরির কারণে বহুবার স্কুল পাল্টাতে বাধ্য হয়েছেন। হাওড়া হাইস্কুল থেকে ম্যাট্রিক, সিটি কলেজ থেকে বাংলায় সাম্মানিক সহ বি.এ. পাস করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এম.এ. পড়তে ভর্তি হলেও শিক্ষা অসম্পূর্ণ রেখেই অভিনয়কে পেশা করার সিদ্ধান্ত নেন।

সৌমিত্র চট্টোপাধ্যায়
ছেলেবেলা থেকেই নাট্যাভিনয়ে আগ্রহ তাঁকে শিশিরকুমার ভাদুড়ীর সান্নিধ্যে নিয়ে গিয়েছিল। শিশির ভাদুড়ী পরিচালিত প্রযুদ্ধ নাটকে সুরেশের ভূমিকায় অভিনয়ও করেছেন। সত্যজিৎ রায়ের সাথে পরিচয় সহকারী মিত্যানন্দ দত্তর সূত্রে।
অপরাজিত ছবিতে মনোনীত না হলেও অপুর সংসার (১৯৫৯) ছবি তৈরির সময় সত্যজিৎ তাকে অপুর ভূমিকায় নির্বাচন করেন। অপুর সংসার থেকে শাখাপ্রশাখা (১৯৯২) পর্যন্ত ১৫টি ছবিতে অভিনয়ের পাশাপাশি তপন সিংহ (৬টি), মৃণাল সেন (৪টি), তরুণ মজুমদার (৮টি), অজয় কর (৮টি), অসিত সেন (৩টি) ছাড়াও বহু উল্লেখযোগ্য পরিচালকের সাথে কাজ করেছেন।
সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র অপু (অপুর সংসার), ট্যাক্স কালেকটার (ক্ষুধিত পাষাণ), উমাপ্রসাদ (দেবী), ভাস্কর (স্বরলিপি), ময়ূরবাহন (ঝিন্দের বন্দী), সুবোধ (পুনশ্চ), জয়ন্ত (অতল জলের আহ্বান), সুখেন্দু (সাত পাকে বাঁধা), নরসিং (অভিযান), নীরেন (প্রতিনিধি), অমল (চারুলতা), প্রতুল (বাক্সবদল), প্রতুল (একটুকু বাসা), অমিতাভ (কাপুরুষ), সৌমেন্দু (একই অঙ্গে এত রূপ), অজয় ( আকাশ কুসুম), চিরঞ্জিত (বাঘিনী), সীতাপতি (স্ত্রী), অধোর (সংসার সীমান্তে), দেবনাথ (গণদেবতা), গুরুদাস (একটি জীবন), রামনিধি গুপ্ত (অমরগীতি), ক্ষিতীশ (কোনি) ইত্যাদি। ফেলুদা কাহিনি অবলম্বনে সত্যজিৎ পরিচালিত দুটি ছবিতেও তিনি ফেলুদার ভূমিকায় অভিনয় করেছেন।

নায়ক থেকে খলনায়ক এমনকী পার্শ্বচরিত্র সর্বত্রই তার সাবলীল অভিনয় দর্শক সমাদর লাভ করেছে। বাংলা চলচ্চিত্রের স্টার উত্তমকুমারের সাথে তিনি অভিনয় করেছেন আটটি ছবিতে। এই ছবিগুলিতেও তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসা পেয়েছিল।
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি পেশাদার রঙ্গমঞ্চে অভিনয়ের সাথে নাট্য নির্দেশনাও দিয়েছেন। স্টার থিয়েটারে তাপসী নাটকে তাঁর অভিনয় দর্শক সমাদর লাভ করে। নির্দেশিত নাটকগুলির মধ্যে নাম জীবন, রাজকুমার, নীলকণ্ঠ, চন্দনপুরের চোর, ঘটক বিদায়, দর্পণে শরৎশশী ইত্যাদি নাটকগুলি প্রশংসিত হয়েছিল।
পরবর্তীকালে গ্রুপ থিয়েটারে স্বরচিত টিকটিকি নাটকটি দর্শক সমাদর পায়। মিনার্ভা রেপার্টারি প্রযোজিত সুমন মুখোপাধ্যায় পরিচালিত রাজা লিয়র নাটকে নাম ভূমিকায়ও তিনি অভিনয় করেছেন।

কিছুদিন আকাশবাণীতেও চাকরি করেছেন। বেতার নাটকে অংশ নিয়েছেন, দূরদর্শন নাটক, দূরদর্শন চিত্রের পাশাপাশি কয়েকটি ধারাবাহিকেও অভিনয় করেছেন। পরিচালনা করেছেন মহাসিন্ধুর ওপার হতে নামে একটি দূরদর্শন চিত্র।
তাঁর লেখা একাধিক কবিতার বই প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন এক্ষণ পত্রিকার সম্পাদনার সাথেও যুক্ত ছিলেন। মঞ্চ ও চলচ্চিত্রে অভিনয় এবং কবিতা লেখার পাশাপাশি আবৃত্তিতেও তথ্যচিত্রে নেপথ্য ভাষ্যেও তাঁর অবাধ বিচরণ।
অভিনয়ের জন্য বহু বেসরকারি পুরস্কার লাভ করলেও সরকারি ভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কার লাভ করেন সুমন ঘোষ পরিচালিত পদক্ষেপ (২০০৭) ছবির জন্য। ১৯৭০ ও ১৯৯২ সালে পদ্মশ্রী পুরস্কার প্রত্যাখ্যান করলেও ২০০৪ সালে পদ্মভূষণ গ্রহণ করেন এবং ২০১১ সালে ভূষিত হন দাদাসাহেব ফালকে পুরস্কারে।

প্রকাশিত গ্রন্থ—
১. সৌমিত্র চট্টোপাধ্যায়, সম্পাদনা করেছেন জীবেন্দু রায়, কলকাতা, আলোর আসর, ১৯৯২।
২. নাম সৌমিত্র। অরুণেন্দ্র মুখোপাধ্যায়। কলকাতা, অবদীপ, ১৯৯৫
৩. আজ কাল পরশুর প্রান্তে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে কথোপকথনে অনসূয়া রায় চৌধুরী, কলকাতা, ক্রান্তিক প্রকাশনী, ২০০০।
৪. সৌমিত্র। সম্পাদনা করেছেন অলক চট্টোপাধ্যায় ও মানস চক্রবর্তী। কলকাতা, সৃষ্টি, ২০০১।
চলচ্চিত্রপঞ্জি—
- ১৯৫৯ অপুর সংসার
- ১৯৬০ দেবী, ক্ষুধিত পাষাণ;
- ১৯৬১ স্বরলিপি, তিনকন্যা, স্বয়ম্বরা, ঝিন্দের বন্দী, পুনশ্চ,
- ১৯৬২ শান্তি, অতল জলের আহ্বান, আগুন, বেনারসী, অভিযান:
- ১৯৬৩ সাত পাকে বাঁধা, শেষ প্রহর বর্ণালী:
- ১৯৬৪ প্রতিনিধি, কিনু গোয়ালার গলি, চারুলতা, অয়নান্ত;
- ১৯৬৫ বাক্সবদল, একটুকু বাসা, আকাশ কুসুম, একই অঙ্গে এত রূপ, কাপুরুষ ও মহাপুরুষ:
- ১৯৬৬ মণিহার, কাঁচ কাটা হীরে, জোড়ানীঘির চৌধুরী পরিবার:
- ১৯৬৭ হঠাৎ দেখা, প্রস্তর স্বাক্ষর, মহাশ্বেতা, অজানা শপথ:
- ১৯৬৮ পরিশোধ, বাঘিনী:
- ১৯৬৯ তিন ভুবনের পারে, পরিণীতা, চেনা অচেনা,
- ১৯৭০ অরণ্যের দিনরাত্রি, আলেয়ার আলো, পদ্মগোলাপ, প্রথম কদম ফুল, অপরিচিত:
- ১৯৭১ মাল্যদান, খুঁজে বেড়াই, সংসার, অপর্ণা:
- ১৯৭২ জীবন সৈকতে, স্ত্রী:
- ১৯৭৩ নতুন দিনের আলো, নিশিকন্যা, বিলেত ফেরত, শেষ পৃষ্ঠায় দেখুন, অগ্নিভ্রমর, এপার ওপার, বসন্ত বিলাপ, অশনি সংকেত, নকল সোনা:
- ১৯৭৪ যদি জানতেম, অসতী, সঙ্গিনী, সোনার কেল্লা:
- ১৯৭৫ ছুটির ফাঁদে, সংসার সীমান্তে, নিশিমৃগয়া:
- ১৯৭৬ সুদূর নীহারিকা, দত্তা, নন্দিতা:
- ১৯৭৭ বাবুমশাই, মন্ত্রমুগ্ধ, প্রতিমা:
- ১৯৭৮ প্রণয় পাশা, নদী থেকে সাগরে
- ১৯৭৯ জয় বাবা ফেলুনাথ, দেবদাস, জোব চার্নকের বিবি, গণদেবতা, নৌকাডুবি:
- ১৯৮০ পঙ্খীরাজ, ঘরের বাইরে ঘর দর্পচূর্ণ, হীরক রাজার দেশে
- ১৯৮১ প্রতিশোধ, ন্যায় অন্যায়, ফাদার;
- ১৯৮২ খেলার পুতুল, বিজয়িনী, রসময়ীর রসিকতা, প্রেয়সী, মাটির স্বর্গ;
- ১৯৮৩ অগ্রদানী, ইন্দিরা, চেনা অচেনা;
- ১৯৮৪ অমরগীতি, সীমন্তরাগ, লাল গোলাপ:
- ১৯৮৫ ঘরে বাইরে, বৈকুণ্ঠের উইল, টগরী, সন্ধ্যাপ্রদীপ;
- ১৯৮৬ কোনি, শ্যাম সাহেব, উর্বশী, অচেনা মুখ, বসুন্ধরা, আতঙ্ক:
- ১৯৮৭ ন্যায় অধিকার;
- ১৯৮৮ ছন্নছাড়া, অগ্নিসংকেত, আগুন, প্রতীক, আগমন, দেবীবরণ,
- ১৯৮৯ মর্যাদা, শতরূপা, আমার শপথ;
- ১৯৯০ অনুরাগ, গণশত্রু, মানসী, এখানে আমার স্বর্গ, আপন আমার আপন, একটি জীবন, জীবনসঙ্গী, চেতনা, জোয়ার ভাঁটা, অভিমন্যু, লড়াই:
- ১৯৯১ মহাপৃথিবী, পথ ও প্রাসাদ, অভাগিনী, এক পশলা বৃষ্টি;
- ১৯৯২ রক্তে লেখা, অন্তর্ধান, শাখাপ্রশাখা, মণিকাঞ্চন, মন মানে না;
- ১৯৯৩ সম্পর্ক, পাষণ্ড পণ্ডিত, ঘর সংসার, প্রজাপতি, পুরস্কার,
- ১৯৯৪ শেষ চিঠি, উত্তরণ, গজমুক্তা, হুইল চেয়ার:
- ১৯৯৫ কুমারী মা, শেষ প্রতীক্ষা, বৌমণি, মশাল, কাকাবাবু হেরে গেলেন, মেজবৌ, ভাগ্যদেবতা:
- ১৯৯৬ পূজা, সোপান, মহান, লাঠি,
- ১৯৯৭ মান অপমান, চন্দ্রগ্রহণ, সর্বজয়া, সমাধান, নয়নতারা, কালরাত্রি, সপ্তমী, পবিত্র পাপী, সেদিন চৈত্রমাস:
- ১৯৯৮ আজব গাঁয়ের আজব কথা, বাবা কেন চাকর, চৌধুরী পরিবার, ঘরের লক্ষ্মী, লোলালুসি, পুত্রবধূ, রণক্ষেত্র, সংঘাত:
- ১৯৯৯ অসুখ, সন্তান যখন শত্রু, কাঞ্চনমালা, মধুমালতী, আত্মীয়স্বজন, মস্তানরাজা, সত্যম শিবম সুন্দরম, নিয়তি, দায় দায়িত্ব, শত্রুমিত্র, তোমায় পাব বলে,
- ২০০০ গরীবের সম্মান, বসতির মেয়ে রাধা, আপন হল পর, কলঙ্কিনী বধু, কুলাঙ্গার, মিস ইউনিভার্স, পারমিতার একদিন, সত্যি এই তো জীবন, ত্রিশূল,দিদি আমার মা, আয়নাতে, তোমার জন্য:
- ২০০১ এটাই স্বর্গ, অনাম্নী অঙ্গনা, হাসতে খেলতে, জনক জননী, ক্যানসার, চুপি চুপি, চুড়িওয়ালা, দেখা
- ২০০২ দায়িত্ব, ফেরারী ফৌজ, গান্ধনী, সাঁঝবাতির রূপকথারা, জীবন যোদ্ধা।
- ২০০৩ হেমন্তের পাখি, আবার অবশ্যে, জুয়া, ভালো থেকো, কে আপন কে পর, পাতালঘর
- ২০০৪ স্বপ্নের সন্ধানে, অধিকার, আমি যে কে তোমার, অনুরাগ, দেবীপক্ষ, কুয়াশা
- ২০০৫ দ্বিরাগমন, ক্রান্তিকাল, মন্ত্র, ১৫ পার্ক এভিনিউ, নিশিযাপন:
- ২০০৬ অভিনেত্রী আশা, ভালোবাসার অনেক নাম ফালতু
- ২০০৭ পদক্ষেপ, চিরসখা হে, যারা দৃষ্টিতে ভিজেছিল, ভালোবাসার দিব্যি, বালিগঞ্জ কোট কৃষ্ণকান্তের উইল
- ২০০৮ ভোরের দশটা দশ
- ২০০৯ সিদ্ধান্ত, ফেল্ড, কালের রাখাল, দ্বন্দ্ব, স্বার্থ, কালবেলা, হৃদয়ের একূল ওকূল, পাখি, অনুভব, অংশুমানের ছবি, যদি কাগজে লেখ নাম:
- ২০১০ আরোহণ, বন্ধু তোমার, হিং টিং ছট যে আছে অন্তরে।
