রানুর প্রথম ভাগ চলচ্চিত্র

রানুর প্রথম ভাগ চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্র
- প্রযোজনা — মহামায়া প্রোডাকসন্স।
- কাহিনি – বিভূতিভূষণ মুখোপাধ্যায়।
- চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা- নব্যেন্দু চট্টোপাধ্যায়।
- সংগীত পরিচালনা নিখিল চট্টোপাধ্যায়
- চিত্রগ্রহণ — শক্তি বন্দ্যোপাধ্যায়।
- শিল্প নির্দেশনা – বিজয় বসু।
- শব্দগ্রহণ — শ্যামসুন্দর ঘোষ।
- সম্পাদনা— অমিয় মুখোপাধ্যায়।
- গীত রচনা – দ্বিজেন্দ্রলাল রায়
অভিনয়
নীরা মালিয়া, কণিকা মজুমদার, নিভাননী দেবী, নীতা দে, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, অসীম চক্রবর্তী, ি ঘোষ, দ্বিজু ভাওয়াল, অসিত বন্দ্যোপাধ্যায়, অমর বিশ্বাস, শিবনাথ বন্দ্যোপাধ্যায়, মিলন মুখোপাধ্যায়। নেপথ্য কণ্ঠ — প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

কাহিনি—
রানু (নীরা) বাড়ির ছোট একটি মেয়ে। যদিও সে মাত্র প্রথম ভাগ পড়ে কিন্তু পড়াশোনায় তার একদম মন নেই, প্রায়ই তার বই হারিয়ে যায়। কোনো রকম শাসন মানে না। রানুর মেজকাকা শৈলেন (অজিতেশ) রানুকে নিয়ে স্বপ্ন দেখেন। রানুও তার মেজকাকাকে অত্যন্ত ভালোবাসে। রানুর বাবার ইচ্ছে ছিল গৌরীদান করার, কিন্তু শৈলেনের আপত্তিতে গৌরীদানের ইচ্ছে বানচাল হয়।
বন্ধুর দিদির বিয়েতে গিয়ে রানুরও ইচ্ছে হয় বিয়ে করার। ভাবী স্বামী নিয়ে তার কোনো বক্তব্য নেই কিন্তু শ্বশুর সংক্রান্ত বিষয়ে তার কিছু চাহিদা আছে। শ্বশুরের মাথায় টাক, মুখে গোঁফ এবং মোটা ভুঁড়ি থাকতে হবে। রানুর প্রস্তাবে সকলেই মজা পায়। মজা করার জন্য কাগজে বিজ্ঞাপন দেয়।
রানুর মনোমতো শ্বশুরও জুটে যায়। পাত্রপক্ষের ইচ্ছে ছিল ছেলের জন্য ছোট্ট একটি বৌ এদিকে আবার বিজ্ঞাপনের সাথে ছেলের বাবার আশ্চর্য মিল। শুভলগ্নে রানুর বিয়ে হয়ে যায়। রানু খুব খুশি, ফ্রক পরা মেয়ে শাড়ি পরে শ্বশুরবাড়ি যাবে। সকলের সাথে শৈলেনও কান্নায় ভেঙে পড়ে। রানু মেজকাকাকে সান্ত্বনা দেওয়ার জন্য এক প্যাকেট প্রথম ভাগ তাঁর হাতে তুলে দেয়, কোনো বই-ই তার হারায় নি, সে কেবল বইগুলি লুকিয়ে রাখত।
এই ছবিতে নীরা মালিয়া রানুর ভূমিকায় অভিনয় করে “শ্রেষ্ঠ শিশুশিল্পী”র রাষ্ট্রীয় পুরস্কার লাভ করেন। ছবিটি দর্শকদের প্রশংসার সাথে নব্যেন্দু চট্টোপাধ্যায়কে ব্যতিক্রমী চলচ্চিত্র পরিচালক হিসাবে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করে।
