ভি বালসারা পুরো নাম ভিয়েস্তাপ আদের্শির বালসারা ছিলেন একজন ভারতীয় সঙ্গীত আয়োজক, পরিবেশক, আবহসঙ্গীত পরিচালক ও যন্ত্রসঙ্গীত শিল্পী। ভায়োলিন, ম্যান্ডোলিন, পিয়ানো একাধিক বাদ্যযন্ত্রের সাবলীল ব্যবহারে তার সুখ্যাতি ছিল সারা বিশ্বে।

ভি বালসারা
জন্ম মুম্বাই শহরে। ছোটবেলা থেকেই বিভিন্ন বাদ্যযন্ত্রে পারদর্শিতা অর্জন করেন। পাঁচের দশক থেকে মিউজিক এ্যারেঞ্জার হিসাবে তৎকালীন সব উল্লেখযোগ্য সংগীত পরিচালকের সাথেই কাজ করেছেন।
বালসারা হিন্দি চলচ্চিত্রে উস্তাদ মুস্তাক হোসেনের সহকারী হিসাবে ১৯৪২ খ্রিস্টাব্দে “বাদল” ছবি দিয়ে কর্মজীবন শুরু করেন। এরপর গুলাম হায়দার সাথে কিছুদিন।

১৯৫৫ সাল থেকে চলচ্চিত্রে সংগীত পরিচালনার কাজ শুরু করেন। প্রভাত মুখোপাধ্যায় পরিচালিত মা (১৯৫৬) ছবিতে সংগীত পরিচালক হিসাবে কাজ করেন যৌথ ভাবে নির্মল ভট্টাচার্যের সাথে। পরের ছবি অর্ধেন্দু সেন পরিচালিত পরের ছেলে (১৯৫৭)। এই ছবিতেও তিনি অনুপম ঘটকের সাথে যৌথ ভাবে সংগীত পরিচালনার দায়িত্ব পালন করেন। একক দায়িত্বে প্রথম কাজ কনক মুখোপাধ্যায় পরিচালিত এ জহর সে জহর নয় (১৯৫৯)।
সমগ্র চলচ্চিত্র জীবনে ২৭টি ছবিতে সংগীত পরিচালক হিসাবে কাজ করেছেন। উল্লেখযোগ্য যে সব পরিচালকের সাথে কাজ করেছেন তাঁরা হলেন নীতিন বসু, শম্ভু মিত্র, অমিত মৈত্র, বিকাশ রায়, কনক মুখোপাধ্যায়, পার্থপ্রতিম চৌধুরী, শচীন অধিকারী, পিনাকী মুখোপাধ্যায়, তরুণ মজুমদার প্রভৃতি।
পার্থপ্রতিম চৌধুরী পরিচালিত সুভা ও দেবতার গ্রাস (১৯৬৪) ছবিটি তিনি প্রযোজনাও করেছিলেন।
চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৫৬ মা,
- ১৯৫৭ পরের ছেলে, মমতা, মাধবীর জন্য,
- ১৯৫৯ এ জহর সে জহর নয়, রাতের অন্ধকারে, শুভবিবাহ,
- ১৯৬০ রাজাসাজা,
- ১৯৬১ মানিক, আশায় বাঁধিনু ঘর,
- ১৯৬২ সূর্যস্নান
- ১৯৬৩ ছায়াসূর্য, কাঞ্চনকন্যা:
- ১৯৬৪ কাঞ্চনরঙ্গ, সুভা ও দেবতার গ্রাস,
- ১৯৬৫ ও কে;
- ১৯৬৬ অঙ্গীকার, ফিরে চল:
- ১৯৬৭ পান্না:
- ১৯৬৮ – পথে হল দেখা।
- ১৯৮৫ যোগ বিয়োগ;
- ১৯৮৭ রুদ্রবীণা,
- ১৯৯১ পথ ও প্রাসাদ, সজনী গো সজনী,
- ১৯৯৮ অরণ্যের অধিকার, দাহ,
- ২০০৫ তিল থেকে তাল।
