বিলেত ফেরৎ বা ইংলন্ড রিটার্নড চলচ্চিত্রঃ বাংলা চলচ্চিত্র বা বাংলা সিনেমা ১৮৯০ সালে ভারতের কলকাতায় বায়োস্কোপ নামে শুরু হয়েছিল। ১৮৯৮ খ্রিষ্টাব্দের কলকাতায় বাঙালিদের মধ্যে প্রথম বায়োস্কোপ কোম্পানি গঠন করেন তৎকালীন ঢাকার বগজুরী গ্রামের হীরালাল সেন (১৮৬৬-১৯১৭)। তার প্রতিষ্ঠিত কোম্পানির নাম রয়্যাল বায়োস্কোপ কোম্পানি। তিনিই ছিলেন বাংলার প্রথম চলচ্চিত্র নির্মাতা।
তার তোলা খণ্ডচিত্র (নাটক থেকে) সীতারাম, আলীবাবা, দোললীলা, ভ্রমর, হরিরাজ বুদ্ধ ১৯০১ খ্রিষ্টাব্দের ৯ ফেব্রুয়ারি কলকাতার স্টার থিয়েটার ও ক্ল্যাসিক থিয়েটারে প্রদর্শিত হয়। তিনি প্রামাণ্য চিত্র, বিজ্ঞাপন চিত্র এবং সংবাদচিত্রও নির্মাণ করেন।

বিলেত ফেরৎ বা ইংলন্ড রিটার্নড চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্র
- প্রযোজনা – ইন্দো ব্রিটিশ ফিল্ম কোম্পানি।
- প্রযোজক — পি.এন দত্ত।
- কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা- নীতীশচন্দ্র লাহিড়ী।
- চিত্রগ্রহণ – জ্যোতিষচন্দ্র সরকার।
অভিনয় –
বীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, মন্মথ পাল, কুলা, নী লাহিড়ী, সুশীলা মুখোপাধ্যায়, শিশুবালা।

কাহিনি
দীর্ঘ অনুপস্থিতির পর ইংলন্ড প্রত্যাগত নায়ক (বীরেন্দ্রনাথ) তাঁর বিলিতি আদবকায়দা নিয়ে বিড়ম্বিত। নায়কের প্রভুভক্ত ভৃত্য (মন্মথ পাল) তার কার্যকলাপের মধ্য দিয়ে এই বিড়ম্বনাকে আরও বাড়িয়ে তোলে। নায়ক একটি আধুনিকা সুন্দরী যুবতীর (সুশীলা) প্রেমে পড়লেও নায়কের বাড়ির লোকেরা এত আধুনিকতা মেনে ঐ যুবতীর সাথে তার বিয়েতে রাজি নয়। সব নিয়ে হাসির এই ছবিতে ধীরেন্দ্রনাথের অভিনয় (চ্যাপলিনের অনুকরণে) দর্শক সমাদর লা করে।
এই ছবির বিজ্ঞাপনে বাঙালির অর্থে এবং শ্রমে নির্মিত প্রথম ছবি হিসাবে চিহ্নিত করা হয়েছিল। তৎকালীন সময়ে ছবিটি তৈরি করতে কুড়ি হাজার টাকা ব্যয় হলেও একাদিক্রমে তিন মাস রসা থিয়েটারে (পরবর্তী সময়ে পূর্ণ সিনেমা) প্রদর্শনের মধ্য দিয়েই লাভ করা সম্ভব হয়।
বোম্বেতে এই ছবির প্রদর্শনের অধিকার বোম্বে থিয়েটার গ্রুপকে বিক্রি করা হয় ২২০০০ টাকায় আবার অন্যত্র এই ছবির প্রদর্শনের অধিকার ম্যাডান থিয়েটার্স জন্য করে। ছবিটিতে এক দিকে বিদেশিদের অন্ধ অনুকরণকে বিদ্রুপ করা অন্যদিকে দেশবাসীর তথাকথিত রক্ষণশীল মানসিকতার সমালোচনাও করা হয়েছিল।
