পিনাকী মুখোপাধ্যায়: বাংলা চলচ্চিত্রের ইতিহাস শতাধিক বর্ষের ইতিহাস আর বাংলা কাহিনিচিত্রের প্রায় একশত বৎসরের ইতিবৃত্ত।
১৮৯৫ সালের ২৪ ডিসেম্বর ফ্রান্সের প্যারিস শহরে প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন লুমিয়ের ভ্রাতৃদ্বয়। এর কয়েক মাসের মধ্যেই ১৮৯৬ সালে ৭ জুলাই বোম্বে-র ওয়াটসন হোটেলে লুমিয়েরদের প্রতিনিধিদের প্রদর্শিত চলচ্চিত্রের মধ্য দিয়ে ভারতবর্ষে চলচ্চিত্র শিল্পের যাত্রা শুরু হয়।
দীর্ঘদিনের প্রচলিত ধারণা ছিল কলকাতায় প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন মি. স্টিফেন্স। ১৯৯৮ সালে সজল চট্টোপাধ্যায়-এর আর রেখোনা আঁধারে গ্রন্থ প্রকাশের পরে এই ধারণা পরিবর্তিত হয় এবং জানা যায় যে ১৮৯৭ সালের ১৮ জানুয়ারি মি. টমাস পি হাডসন কলকাতায় প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন থিয়েটার রয়্যাল-এ।

পিনাকী মুখোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র পরিচালক
জন্ম কলকাতায়। চলচ্চিত্র জীবনের শুরুতে বেশ কিছুদিন অর্দ্ধেন্দু মুখোপাধ্যায়ের সহকারী হিসাবে কাজ করেছেন। স্বাধীন পরিচালক হিসাবে প্রথম ছবি আশাপূর্ণা দেবীর কাহিনি অবলম্বনে যোগ বিয়োগ (১৯৫৩)। ছবিটি আজ প্রোডাকশন-এর ব্যানারে প্রযোজনা করেন অর্ধেন্দু মুখোপাধ্যায়। বস্তুত পক্ষে পিনাকী মুখার্জী পরিচালিত প্রথম সাতটি ছবিই প্রযোজনা করেছিলেন অর্দ্ধেন্দুবাবু।

সমগ্র চলচ্চিত্র জীবনে আঠেরোটি ছবি পরিচালনার পাশাপাশি নিজের পরিচালনায় তৈরি মেমসাহেব (১৯৭২) এবং সলিল সেন পরিচালিত হার মানা হার (১৯৭২) ছবিতে অভিনয়ও করেছেন।
তাঁর তৈরি উল্লেখযোগ্য ছবিগুলি হল ঢুলী (১৯৫৪), মেঘমল্লার (১৯৫৮), অশান্ত ঘূর্ণী (১৯৬৪), চৌরঙ্গী (১৯৬৮), মেমসাহেব (১৯৭২) এবং আলো আমার আলো (১৯৭২)। পরিচালিত ছবিগুলির মধ্যে মাত্র পাঁচটি ছবির চিত্রনাটা তিনি নিজে করেছেন। নিজের পরিচালনায় নির্মিত প্রতিশ্রুতি (১৯৭৭) ছবিটি তিনি নিজেই প্রযোজনা করেছিলেন।
চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৫৩ যোগ বিয়োগ,
- ১৯৫৪ ভক্ত বিশ্বমঙ্গল, ঢুলী, বাস
- ১৯৫৬ অসবর্ণা;
- ১৯৫৮ মেঘমল্লার,
- ১৯৬১ মধ্য রাতের তারা,
- ১৯৬২ রক্তপলাশ
- ১৯৬৪ অশান্ত ঘূর্ণী,
- ১৯৬৭ মহাশ্বেতা,
- ১৯৬৮ চৌরঙ্গী,
- ১৯৭২ মেমসাহেব, আলো আমার আলো;
- ১৯৭৭ প্রতিশ্রুতি, সুজাতা,
- ১৯৮১ কপালকুণ্ডলা,
- ১৯৮৫ যোগ বিয়োগ,
- ১৯৮৭ রুদ্রবীণা।
