নরেশচন্দ্র মিত্রের জন্ম ১৮৮৮ সালে আগরতলায়, পিতা বন্ধুবিহারী মিত্র। স্কটিশচার্চ কলেজ থেকে ১৯১১ সালে। স্নাতক হন। ১৯১৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন পরীক্ষায় পাস করে কিছুদিন আলিপুর আদালতে আইনজীবী হিসাবে কাজ করেন।

নরেশচন্দ্র মিত্র । বাঙালি চলচ্চিত্র অভিনেতা
অভিনয় জীবন শুরু হয় মিনার্ভা থিয়েটারে চন্দ্রগুপ্ত (১৯২২) নাটকে, পরবর্তী কালে স্টার থিয়েটারের সাথেও যুক্ত হন। খলনায়ক চরিত্রে তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসা অর্জন করে।
চলচ্চিত্রে প্রথম আত্মপ্রকাশ তাজমহল ফিল্ম কোম্পানির আঁধারে আলো ছবিতে অভিনেতা হিসাবে। এ ছবিটি তিনি শিশিরকুমার ভাদুড়ীর সাথে যুগ্ম ভাবে পরিচালনাও করেছিলেন। সমগ্র চলচ্চিত্র জীবনে ২০টি ছবি পরিচালনা করেন।

নিজের পরিচালনায় তৈরি ছবিগুলিতে অভিনয়ের পাশাপাশি প্রিয়নাথ গাঙ্গুলী পরিচালিত দুর্গেশনন্দিনী (১৯২৭), সরলা (১৯২৮), কপালকুণ্ডলা (১৯২৯), মধু বসু পরিচালিত গিরিবালা (১৯৩০), মীনাক্ষী (১৯৪২), জ্যোতিষ বন্দ্যোপাধ্যায় পরিচালিত বিবাহ বিভ্রাট (১৯৩১), বেকারনাশন (১৯৩৮), বঞ্চিতা (১৯৪৮), শৈলজানন্দ মুখোপাধ্যায় পরিচালিত বন্দী (১৯৪২), শহর থেকে দূরে (১৯৪৩), রায়চৌধুরী (১৯৪৭), শিশির ভাদুড়ী পরিচালিত চাণক্য (১৯৩৯), সুশীল মজুমদারের প্রতিশোধ (১৯৪১), অগ্রদূতের স্বপ্ন ও সাধনা (১৯৪৭) ইত্যাদি ছবিতেও অভিনয় করেন।
১৯২২ সাল থেকে শুরু করে ১৯৫১ সাল পর্যন্ত যে সব প্রযোজনা সংস্থার সাথে কাজ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল তাজমহল ফিল্ম কোম্পানি, ইস্টার্ন ফিল্ম সিন্ডিকেট, ম্যাডান থিয়েটার্স, ইষ্ট ইন্ডিয়া ফিল্ম কোম্পানি, দেবদত্ত ফিল্মস, কালী ফিল্মস, অরোরা ফিল্ম কর্পোরেশন ইত্যাদি।

নিজের পরিচালনায় তৈরি দুটি ছবি বউঠাকুরাণীর হাট (১৯৫৩) এবং অন্নপূর্ণার মন্দির (১৯৫৪) যৌথ ভাবে প্রযোজনার দায়িত্বও নিয়েছিলেন। চলচ্চিত্র ছাড়াও পেশাদার মঞ্চ, যাত্রা এবং রেকর্ড নাট্যেও অংশ নিয়েছেন।
চলচ্চিত্রপঞ্জি (পরিচালক) –
- আঁধারে আলো (নির্বাক, ১৯২২),
- মানভঞ্জন (নির্বাক, ১৯২৩),
- চন্দ্রনাথ (নির্বাক, ১৯২৪),
- দেবদাস (নির্বাক, ১৯২৮),
- নৌকাডুবি (নির্বাক, ১৯৩২),
- সাবিত্রী (১৯৩৩),
- মহানিশা (১৯৩৬),
- গোরা (১৯৩৮),
- শর্মিষ্ঠা (১৯৩৯),
- বাংলার মেয়ে (১৯৪১),
- পথের সাথী (১৯৪৬),
- স্বয়ংসিদ্ধা (১৯৪৭),
- বিদুষী-ভাৰ্য্যা (১৯৪৯),
- কঙ্কাল (১৯৫০),
- নিয়তি (১৯৫১),
- পণ্ডিতমশাই (১৯৫১),
- বউঠাকুরাণীর হাট (১৯৫৩),
- অন্নপূর্ণার মন্দির (১৯৫৪),
- কালিন্দী (১৯৫৫),
- উল্কা (১৯৫৭)।
